Sunday, 13 November 2011

AL-Ahnaf (4)


দ্বিতীয় বৈশিষ্ট্য : কুরআন-সুন্নাহর আহকাম ও ফিকহুস সালাফের উত্তম সংকলন
 এ কথা বলাই বাহুল্য যে, ফিকহে হানাফী কুরআন-সুন্নাহ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। উপরের আলোচনা থেকেও তা বোঝা যায়। ফিকহে হানাফীর সকল সিদ্ধান্ত কুরআন-সুন্নাহ ও আছারে সাহাবার ভিত্তিতে প্রমাণিত। ইমাম আবু হানীফা রাহ.-এর ফিকহ-সংকলনের নীতিমালা সম্পর্কে যাদের ধারণা রয়েছে তাদের এ বিষয়ে কোনো সংশয় থাকার কথা নয়। এ প্রসঙ্গে আমি উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুমের একটি মূল্যবান প্রবন্ধ থেকে কিছু অংশ তুলে দিচ্ছি : ‘ফিকহে মুতাওয়ারাছ’ (ফিকহের যে অংশ নবী-যুগ থেকে চলে আসছে) সংকলন এবং সাহাবা ও শীর্ষস্থানীয় তাবেয়ীগণের যুগ শেষ হওয়ার পর উদ্ভূত নতুন সমস্যাবলির সমাধানের জন্য ইমাম আবু হানীফা রাহ.কে কী কী কাজ করতে হয়েছিল এবং এ বিষয়ে তাঁর কী কী অবদান রয়েছে-এ সম্পর্কে আলোচনা করতে গেলে গ্রন্থ রচনা করতে হবে। তাই আমি এখানে তাঁর নিজের ভাষায় শুধু এ বিষয়টি উল্লেখ করতে চাই যে, ফিকহ ও ফতোয়ার বিষয়ে তাঁর মৌলিক নীতিমালা কী ছিল। ‘এ প্রসঙ্গে বিভিন্ন সহীহ সনদে ইমাম আবু হানীফা রাহ. থেকে যে নীতিমালা উল্লেখিত হয়েছে তার সারকথা এই- ১. মাসআলার সমাধান যখন কিতাবুল্লাহ্‌য় পাই তখন সেখান থেকেই সমাধান গ্রহণ করি। ২. সেখানে না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ এবং সহীহ হাদীস থেকে গ্রহণ করি, যা নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে। সহীহ হাদীস আমাদের জন্য শিরোধার্য। একে পরিত্যাগ করে অন্য কিছুর শরণাপন্ন হওয়ার প্রশ্নই আসে না। ৩. এখানেও যদি না পাই তবে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের শরণাপন্ন হই। ৪. কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ ও ইজমায়ে সাহাবার সামনে কিয়াস চলতে পারে না। তবে যে বিষয়ে সাহাবীগণের একাধিক মত রয়েছে সেখানে ইজতিহাদের মাধ্যমে যার মত কিতাব-সুন্নাহ্‌র অধিক নিকটবর্তী বলে মনে হয় তা-ই গ্রহণ করি। ৫. মাসআলার সমাধান এখানেও পাওয়া না গেলে ইজতিহাদের মাধ্যমে সমাধানে পৌঁছে থাকি। তবে এক্ষেত্রেও তাবেয়ীগণের সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন হই না।-আলইনতিকা ফী ফাযাইলিল আইম্মাতিছ ছালাছাতিল ফুকাহা, ইবনে আবদিল বার পৃ. ২৬১, ২৬২, ২৬৭; ফাযাইলু আবী হানীফা, আবুল কাসিম ইবনু আবিল ‘আওয়াম পৃ. ২১-২৩ মাখতূত; আখবারু আবী হানীফা ওয়া আসহাবিহী, আবু আবদুল্লাহ আসসাইমারী (মৃত্যু : ৪৩৬ হি.) পৃ. ১০-১৩; তারীখে বাগদাদ, খতীবে বাগদাদী ১৩/৩৬৮; উকূদূল জুমান, মুহাম্মাদ ইবনে ইউসুফ সালিহী পৃ. ১৭২-১৭৭; মানাকিবুল ইমাম আবী হানীফা, মুয়াফফাক আলমাক্কী ১/৭৪-১০০ ‘ফিকহে মুতাওয়ারাছ সংকলন এবং ‘ফিকহে জাদীদ’ আহরণের যে নীতিমালা ইমাম আবু হানীফা রাহ.-এর নিজের ভাষায় উল্লেখ করা হয়েছে তা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল ইমামের সর্বসম্মত নীতি। কোনো ফিকহ তখনই ইসলামী ফিকহ হতে পারে যখন তা উপরোক্ত নীতিমালার ভিত্তিতে সংকলিত ও আহরিত হয়। ‘ফিকহ-সংকলন এবং ফিকহ-আহরণের ক্ষেত্রে উপরোক্ত নীতিমালা অনুসরণে তিনি কতটুকু সফল হয়েছেন তা তাঁর সমসাময়িক তাফসীর, হাদীস, ফিকহ ইত্যাদি সকল ইসলামী শাস্ত্রের স্বীকৃত ইমামগণের বক্তব্য থেকে জানা যেতে পারে। ইমাম সুফিয়ান ছাওরী রাহ. (মৃত্যু : ১৬১ হি.) বলেন, ‘আবু হানীফা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইলম অন্বেষণ করেছেন। তিনি ছিলেন (দ্বীনের প্রহরী) দ্বীনের সীমানা রক্ষাকারী, যাতে আল্লাহর হারামকৃত কোনো বিষয়কে হালাল মনে করা না হয়, কিংবা হালালের মতো তাতে লিপ্ত থাকা না হয়। যে হাদীসগুলো তার কাছে সহীহ সাব্যস্ত হত, অর্থাৎ যা নির্ভরযোগ্য ব্যক্তিগণ বর্ণনা করে এসেছেন, তার উপর তিনি আমল করতেন এবং সর্ববিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেষ আমলকে গ্রহণ করতেন। কুফার আলিমগণকে যে আমল ও ধারার উপর প্রতিষ্টিত দেখেছেন তিনিও তা থেকে বিচ্যুত হননি (কেননা, এটাই ছিল সাহাবা যুগ থেকে চলমান আমল ও ধারা)।-আলইনতিক্বা, ইবনে আবদিল বার পৃ. ২৬২; ফাযাইলু আবী হানাফী, ইবনু আবিল ‘আওয়াম পৃ.. ২২ (মাখতূত)। ‘... এজন্য হাদীস শাস্ত্রের সর্বজনস্বীকৃত মনীষী ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহ. (১৮১ হি.) বলেছেন, ‘আবু হানীফার ফিকহকে নিছক রায় (মত) বলো না। প্রকৃতপক্ষে তা হচ্ছে হাদীসের ব্যাখ্যা।’-ফাযাইলু আবী হানীফা,, ইবনু আবিল ‘আওয়াম পৃ. ২৩’’ (ফিকহে হানাফীর সনদ, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, মাসিক আলকাউসার জুলাই ’০৭ পৃ. ৯) যোগ্য ব্যক্তির জন্য সরাসরি পরীক্ষা করে দেখারও সুযোগ রয়েছে। হাফেয যায়লায়ী রাহ. (৭৬২ হি.) কৃত ‘নসবুর রায়া ফী তাখরীজি আহদীছিল হিদায়া’ গ্রনে'র ভূমিকায় আল্লামা যাহিদ কাওছারী রাহ. লেখেন, ‘পাঠক যদি এই গ্রনে'র পৃষ্ঠা ওল্টাতে থাকেন এবং বিভিন্ন অধ্যায়ে সংকলিত হাদীসগুলো পাঠ করেন তাহলে তার প্রত্যয় হবে যে, হানাফী মনীষীগণ শরীয়তের সকল বিষয়ে হাদীস ও আছারের নিষ্ঠাবান অনুসারী।’ (ভূমিকা, নাসবুর রায়াহ পৃষ্ঠা : ১৯) ইমাম আবদুল ওয়াহহাব আশশা’রানী রাহ. (৮৯৮-৯৭৩ হি.) বলেন, ‘আমি যখন (চার) মাযহাবের দলীল বিষয়ে গ্রন্থ রচনা করেছি তখন, আল্লাহ তাআলার শুকরিয়া যে, ইমাম আবু হানীফা রাহ. ও তাঁর সঙ্গীদের মতামত গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। আমি লক্ষ করেছি যে, তাঁদের সিদ্ধান-গুলোর সূত্র হচ্ছে কুরআন মজীদের আয়াত, (সহীহ) হাদীস ও আছার অথবা তার মাফহুম, কিংবা এমন কোনো হাদীস, যার একটি সনদ যয়ীফ হলেও মূল হাদীস একাধিক সনদে বর্ণিত, অথবা নির্ভরযোগ্য উসূলের উপর কৃত কিয়াসে সহীহ।’-আলমীযান পৃ. ৫২; আবু হানীফা ওয়া আসহাবুহুল মুহাদ্দিসূন পৃ. ৬১................

No comments:

Post a Comment